ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পাসপোর্টের সহকারী হিসাবরক্ষক


ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পাসপোর্টের সহকারী হিসাবরক্ষক







ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামে একজন পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ তার কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন।

বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন সরকার পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। পরে ওই ভুক্তভোগীর সঙ্গে ফারুক আহমেদের কথোপকথনের একটি অডিও রেকর্ড পাওয়া যায়, যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।

দুদক বিধিমালা, ২০০৭-এর বিধি ১৬ অনুযায়ী একটি ফাঁদ মামলা পরিচালনার জন্য কমিশন অনুমোদন দেয়। সে অনুযায়ী মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযান চালায় সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের একটি বিশেষ টিম। এর নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী। সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url